ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ।।
আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। আমরা জনগণের শক্তি নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।
বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেজন্য আমরা নির্বাচন করব। আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এটাই শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। যারা যে পদে প্রার্থী হতে চান প্রার্থী হবেন।’এসময় তিনি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও ও কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাওছার ভূঁইয়া জীবন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.