খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী বৃষ্টি আক্তার হত্যার ঘটনায় এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সময়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ড পাওয়া সেলিম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জয়নাল আবেদিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
এতে বলা হয়, দন্ডপ্রাপ্ত সেলিম ২০১২ সালের ১ জুন দুপুর থেকে বিকেলের কোন এক সময়ে প্রথমে স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে হত্যা করে মরদেহ অর্ধউলঙ্গ অবস্থায় পাশ্ববর্তী হাজী আতিক উল্যার পরিত্যক্ত টয়লেটে পেলে দেয়। ওই দিন সেলিম নোয়াখালীর চাটখিলের নাহারখীল গ্রামের শ্বশুর বাড়িতে ছিলেন। এক পর্যায়ে সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার এক দিন পর নিহতের ফুফা শামছুল আলম বাদী হয়ে সেলিমকে আসামি করে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে এ রায় দেয়।
দুপুরে জেলা কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জয়নাল আবেদিন আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সাথে সেলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.