প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২২, ৩:২১ পি.এম
নরসিংদীর ঘোড়াশালে সাবেক মেয়রের বাড়িতে দুধর্ষ ডাকাতি

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে।
১০ জানুয়ারি সোমবার ভোর ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সাবেক মেয়রের পরিবার জানায়, ভোর রাতে ৫/৬ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার আলমারি ও লকার ভেঙ্গে নগদ ১ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাথারী কোপে শরীফুল হক মারাত্মকভাবে আহত হন।
ঘটনার খবর পেয়ে পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাবেক মেয়র শরীফুল হক বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ দেখি রুমে মুখোশধারী পাঁচ থেকে ছয় জন দেশিয় রামদা নিয়ে আমাদেরকে জিম্মি করে ফেলে। পরে রুমের আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। আমি বাধাঁ দিতে গিয়ে ডাকাতদের একজন আমার হাতে ও ঘাড়ে রামদা দিয়ে কুপ দেয়। এতে আমি অচেতন হয়ে পড়ি।
প্রতিবেশি চাচাতো ভাই তানজিরুল হক রনি জানান, ভোরে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শরীফুল হক আহত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করি।
পলাশ থানার ওসি মো: ইলিয়াস জানান, ভোরে ৫ থেকে ৬ জনের একটি দল ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় বাধাঁ দিতে গিয়ে সাবেক পৌর মেয়র আহত হয়। ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্তসহ গ্রেফতার করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.