প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২২, ১০:০৪ এ.এম
নরসিংদীতে সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাবোতে স্থানীয় এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রোববার ৬ ফেব্রুয়ারি বিকেলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বেলাবো থানায় সাধারণ ডায়েরি করেন ওই সাংবাদিক।
এর আগে, শনিবার রাত সোয়া ১টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিল।
জানা যায়, শনিবার রাতে অপরিচিত এক নম্বর থেকে শেখ আব্দুল জলিলের মুঠোফোনে কল আসে। কল রিসিভ করলেই পুরুষ কণ্ঠস্বরে ভেসে আসে–‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোনো সংবাদ লিখলে তোকে জবাই করা হবে।’ এরপরই ফোন কেটে দেয় ওই অজ্ঞাত ব্যক্তি।
এ সময় তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে আবারও ফোনের অপর পাশ থেকে একই উত্তর ভেসে আসে বলে জানান এই সাংবাদিক নেতা।
ভুক্তভোগী সাংবাদিক শেখ আব্দুল জলিল বলেন, ‘জামায়াত-শিবির বা এ ধরনের কারও বিরুদ্ধে কখন কোনো সংবাদ আমি করিনি। আমি আমার নিজের ও পরিবারের নিরাপত্তা চাই।’
শেখ আব্দুল জলিল ১৯৭১-এর সম্মুখযুদ্ধে শহীদ হওয়া শহীদ আবু হানিফের ছোট ভাই।
নরসিংদীর বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার রায় জানান, বিষয়টি খুব ভালোভাবেই খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.