নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে কৃষক হত্যায় পাঁচজনকে মৃত্যদন্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রহিবুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন মো. জসিম উদ্দিন, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম।
হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান না পাওয়ায় আদালত আরও তিন আসামীকে বেকসুর খালাস দিয়েছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর জিলানী।
মামলার এজাহারে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন রাতে ১০ জনকে আসামি করে আকবরের ছেলে তৌহিরুল ইসলাম রায়পুর থানায় হত্যা মামলা করেন।
২০১৯ সালের ১ এপ্রিল পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়।
রায়ে সন্তুষ্টি জানিয়েছেন নিহতের স্বজনরা। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন। একই সঙ্গে খালাস পাওয়া তিনজনের বিরুদ্ধে আপিলের কথাও জানান।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর জিলানী বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.