অনলাইন ডেস্ক।।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলছেন, ‘তারা অপরাধীদের রক্ষা করে নিজেদের দেশে স্থান দেয়, আর বিনা অপরাধে আমাদের দেশে র্যাব সদস্যদের নিষেধাজ্ঞা দেয়।’
সোমবার (২৮ মার্চ) সকাল ১০টায় কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।র্যাবের সদর দফতরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জানি না, আমাদের দেশের সাফল্যের কারণে এরা কোনো দুঃখ পেয়েছে কি না, কিন্তু, বাংলাদেশ যে এ ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, এটা হলো সত্য। আর, সে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।’
তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক হলো- আমাদের দেশের কিছু মানুষ নানা ধরনের অপপ্রচার চালায়। তারা কিন্তু অপরাধী। কোনো না কোনো কারণে চাকরি হারিয়েছে বা দেশ ছেড়েছে। সেখানে আমাদের যুদ্ধাপরাধীরা যেমন ঠাঁই পেয়েছে, তেমনি জাতির পিতার আত্মস্বীকৃত খুনিও আমেরিকায় বসবাস করছে। তাকে তারা সেখানকার সিটিজেন করে নিয়েছে। আমরা বারবার তাদের রিকোয়েস্ট করেছি। একের পর এক প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিয়ে যাচ্ছি। তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয়। আর বিনা অপরাধে আমাদের দেশে নিষেধাজ্ঞা দেয়। এটাই যাদের চরিত্র, তাদের বিষয়ে আর কী বলবো?
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সাফল্যের প্রশংসা করেন সরকার প্রধান। তিনি বলেন, আমাদের প্রচেষ্টা সব সময় বাংলাদেশের উন্নয়ন।আজকের এই উন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানসহ র্যাবেরও বিশেষ ভূমিকা রয়েছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙখলা রক্ষা, সামাজিক নিরাপত্তা বিধানে র্যাবের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তাদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব এই বাহিনীকে ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে।
এ সময় সুস্থ সমাজব্যবস্থা গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.