প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ১০:৫৮ এ.এম
আগুনে পুড়েছে নোবিপ্রবি’র অর্ধশতাধিক কম্পিউটার

খোরশেদ আলম শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে লাগা আগুনে চতুর্থ তলার তিনটি কক্ষ পুড়ে গেছে। এছাড়া, আগুনে এমআইএস কক্ষে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আগুনোর ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন। পরে বিষয়টি মাইজদী ফায়ার সার্ভিসকে অবগত করলে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলম জানান, ধারণা করা হচ্ছে, শনিবার ভোরের কোনো একসময় প্রশাসনিক ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই ভবনের এমআইএস ল্যাব, একটি ডিন কক্ষ ও বাংলা বিভাগের এক কক্ষ পুড়ে যায়। এসময় এমআইএস ল্যাবে থাকা প্রায় অর্ধশতাধিক কম্পিউটার ও সবগুলো কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা যায়নি।
তিনি আরও জানান, আগুনের ঘটনা তদন্ত করতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, এছাড়াও ওই কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বৈদুতিক কর্মকর্তা।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে আগুনের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.