লক্ষ্মীপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার মাদক মামলায় ইয়াসমিন আক্তার কলি (৩৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার ৯ মাসের মধ্যে এ রায় ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানি ও সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মাদকের মামলায় কোনো নারীর যাবজ্জীবন দণ্ডের রায় এটাই লক্ষ্মীপুরে প্রথম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে আটক করেন র্যাব-১১ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা বিক্রির উদ্দেশে তিনি রামগঞ্জে আসেন।
এ ঘটনায় র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন রামগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
