লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ছেলের সামনে একটি ট্রেনিং কারের ধাক্কায় লেদু মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে হাসপাতালে নিহতের মরদেহ জড়িয়ে ধরে স্ত্রী রুনা বেগমকে চিৎকার করে কাঁদতে দেখা গেছে। পাশে দাঁড়িয়ে থাকা শিশু ইসমাইলের চোখ দিয়ে পানি ঝরছিল।
কান্নাজড়িত কণ্ঠে ইসমাইল হোসেন বলেন, ‘আমি মনে করেছি প্রথমে অন্য কেউ। পরে দেখি আমার বাবা। বাবাকে মেরে গাড়িটাও চলে গেছে।’
এ সময় রুনা বেগম বলেন, ‘তোমারে আমি লই যামু। তোমারে ছাড়ি আমি যামু না। আমি তোমার লগে যামু। আমার তিনডা হোলাহাইন কার কাছে থুই যাও গো।’
নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন জানায়, ফজরের নামাজ শেষে লেদু মিয়াসহ আহতরা হাঁটতে বের হয়েছিলেন। ঘটনার সময় একটি ট্রেনিং কার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে পড়ে যায়। ট্রেনিং কারের ধাক্কায় লেদু মিয়াও পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়। মরদেহ লাশঘরে রাখা আছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.