প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৩, ৩:৩১ পি.এম
২২ বছর পরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করল পবিপ্রবি

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) কর্তৃপক্ষ দীর্ঘ ২২ বছর পরে এই প্রথমবারের মত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটি বুধবার(১১ জানুয়ারি) সকাল ১০টায় ভাইস-চ্যন্সেলরের অফিস কক্ষে এ প্রতিবেদন প্রকাশের প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর হাতে ১ টি কপি তুলে দেন।
জানা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের মিশন, ভিশন, উদ্দেশ্য, স্লোগান ও অঙ্গীকার উল্লেখপূর্বক বিভিন্ন অনুষদ ও বিভাগের ইতিহাস, প্রদত্ত ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক বিভাগ ও শাখার সকল কার্যক্রম ও কর্মরতদের তালিকা উল্লখ করা হয়েছে। প্রতিবেদনটি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হলেও এতে ২০১৭ সাল থেকে শিক্ষকদের দ্বারা পরিচালিত গবেষণা প্রকল্প এবং ২০১৯ সাল থেকে তাদের মাধ্যমে প্রকাশিত প্রবন্ধসমূহ সন্নিবেশিত করা হয়েছে।
প্রথমবারের মত প্রকাশিত বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সভাপতি প্রফেসর বদিউজ্জামান বললেন, এটি প্রকাশের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়নে আমাদের বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় র্যাঙ্কিংয়ে আরও কয়েক ধাপ এ গিয়ে যাবে।
বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির অন্যতম সদস্য ইকোনমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান আবুল বাসার খান বলেন, বিভিন্ন সংস্থার, ইউজিসি'র ও সরকারের অর্থায়নে যেসকল প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে তার তালিকা এখানে রয়েছে। মূলত, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার পুরোপুরি চিত্র এখানে ফুটে উঠেছে।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ও বার্ষিক প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা পরিষদের সদস্য সচিব মো:এমরান হোসেন বলেন, বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আজ এপিএ শর্তাবলী বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে গেল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক অগ্রগতির ডকুমেন্ট লিপিবদ্ধ হয়ে থাকল।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.