লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৯ জানুয়ারী) সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তরুণ ওই চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম মো. ইস্রাফিল (২০)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে চৌধুরী বাজার এলাকায় রাস্তার পাশে ইস্রাফিলের লাশ পড়ে ছিল। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরা রাস্তার পাশে লাশ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওই তরুণকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.