লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ২৬ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কমলনগরের চরলরেন্স গ্রামের হোসেন আহম্মদের ছেলে রুবেল ও সদরের কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহম্মদের ছেলে বেলাল হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে চরলরেন্স থেকে চৌধুরী বাজার যাওয়ার উদ্দেশে ইস্রাফিলের অটোরিকশাটি ভাড়া করে ইউসুফ ও রুবেল। পথিমধ্যে ইউসুফ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে অটোরিকশাটি থামায়। এসময় অটোরিকশাচালক ইস্রাফিলকে ঘাড় মটকে রাস্তার পাশে ফেলে গলা চেপে মৃত্যু নিশ্চিত করে তারা। পরে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৬শ টাকা লুট করে ইউসুফ পালিয়ে যায়। পরে অটোরিকশাটি ভবানীগঞ্জ এলাকায় ইউসুফ তার সৎভাই বেলাল হোসেনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে।
পুলিশ সুপার আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা সোমবার (১৩ ফেব্রুয়ারি) আসামি রুবেলকে কমলনগরের চরলরেন্স ও বেলালকে সদরের টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে আসামি ইউসুফকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে এ ঘটনায় ১৮ জানুয়ারি অটোরিকশাচালক ইস্রাফিলের বাবা আবুল বাশার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সোহেল রানা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, ওসি মোসলেহ উদ্দিন ও মো. সোলাইমান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.