প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৭:১১ এ.এম
দুমকিতে ৪শ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ৪শ পিস ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির নগদ ৬০হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ধৃত আসামীদ্বয়কে রাতেই দুমকি থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে ৪জনকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালিয়ে আ: মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের আ: আজিজ শেখের ছেলে মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় অপর দুই সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের আস্তানা তল্লাসী করে ৪শ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০হাজার টাকা জব্দ করা হয়। ওই রাতেই ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত ফেনসিডিল ও নগদ টাকাসহ দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদ্বয়কে কোর্টে সোপর্দ্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.