নিজস্ব প্রতিবেদক।।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেয়ার সময় এসেছে। তাঁরাই আমাদের শিল্পোন্নয়ন তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করে।
সোমবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে বিসিক আয়োজিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বিসিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ‘কারুশিল্পী পুরস্কার ১৪৩০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষুদ্র শিল্প থেকেই বৃহৎ শিল্পের সৃষ্টি হয় উল্লেখ করে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক থেকে তারা প্রশিক্ষণ, প্লট বরাদ্দসহ বিভিন্ন কারিগরি সুবিধা পেয়ে থাকে। তবে এন্টারপ্রাইজ সৃষ্টির মূল ভিত্তি মূলধন বা পুঁজির অভাবে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্ষুদ্র উদ্যোক্তার উদ্যোগসমূহ অঙ্কুরেই বিনষ্ট হয় বা বাস্তব রূপলাভ করতে পারে না। সেজন্য বিসিকের আওতায় কোন আর্থিক প্রতিষ্ঠান বা বিসিক ব্যাংকের মতো প্রতিষ্ঠান সৃষ্টি করা যেতে পারে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী ৩ বছরের মধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে যাচ্ছে। সেজন্য এখন থেকেই আমাদের সার্বিক প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে পাট, চামড়া, ফার্মাসিউটিক্যালসসহ সম্ভাবনাময় শিল্প খাতসমূহের উন্নয়ন ও মানসম্পন্ন পণ্য উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে।
বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এফবিসিসিআই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী ও সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সেলিম হোসেন।সূত্র:বাসস
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.