নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ব্রিজের রেলিং ভেঙ্গে হোটেলের প্রবেশপথ নির্মাণ করা হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে ব্রিজটি।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে রেলিং ভাঙার সত্যতা পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মান্দারী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে থাকা হারুনের খাবার হোটেলের সামনে ব্রিজের রেলিং ছিল। তার হোটেলে যাতায়াতের সুবিধার্থে গত চার মাস আগে তিনি লোক ভাড়া করে রাতের আঁধারে রেলিংটি ভেঙে ফেলেন। ব্রিজের সঙ্গে হারুন তার প্রতিষ্ঠানে প্রবেশের জন্য সিঁড়িও নির্মাণ করেছেন। ব্রিজটি দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারের বেশি যানবাহন চলাচল করে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ। গত এক বছরের ব্যবধানে দুই দফা ব্রিজের উত্তর ও দক্ষিণ পাশের রেলিং কেটে ফেলা হয়েছে। এতে ব্রিজটি ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
হোটেল মালিক হারুনুর রশিদ বলেন, ব্রিজের রেলিং আমি নিজ থেকে ভাঙ্গিনি। গত ৫ আগস্ট আন্দোলনকারীদের উদ্ধত পরিস্থিতিতে ছাত্ররা ব্রিজের রেলিং ভেঙে ফেলেন। ব্রিজের অন্য কোনো অংশের রেলিং না ভেঙে শুধু হোটেলের সামনের অংশ কেন ভাঙা হয়েছে—এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, বিষয়টি দেখার জন্য সদর উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, ঘটনাটি আমাদের জানা ছিল না। সরেজমিনে গিয়ে তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.