
চাঁদপুর সংবাদদাতা।।
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজিবাড়ির হোসেন মিজির ছেলে। তিনি একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাঢ়িবাড়ি জামে মসজিদের ইমাম কাউসার আহমেদ বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ফোনে কথা বলছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়কের দিক থেকে এক লোক দৌড়ে এসে ডাকাত, ডাকাত বলে চিৎকার শুরু করেন। পরে লোকটি রাঢ়িবাড়ির ভেতরে ঢুকে যান। তাঁর পেছনে একটি মোটরসাইকেলে করে দুজন ওই বাড়ির ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরই মোটরসাইকেলে করে বের হয়ে যান।’
খবর পেয়ে রাতেই চাঁদপুরের পুলিশ সুপার আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও মুকুর চাকমা ঘটনাস্থলে আসেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির বুকে–মুখে পাঁচটি গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি ডাকাতির ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.