হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি

অনলাইন ডেস্ক।।
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়ের সংবাদ সরাসরি সংগ্রহ করতে উপস্থিত রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সংবাদ সংগ্রহ ও প্রচারের কাজে দেশি গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, আল জাজিরা, এপি, এএফপিসহ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের দেখা যায়। এদিকে আজকের রায়টি সরাসরি সম্প্রচার করবে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। আর বিটিভি থেকেই এই রায় সম্প্রচার করবে রয়টার্স।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বেলা ১১ টার পর মামলার রায় পড়া শুরু করবেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার, তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগের বিচার চলছে।সূত্র: বাসস
