লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ,পাল্টাপাল্টি মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্ণীপুর জেলার সদর উপজেলায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। জেলার চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি,২০২৬) রাতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলাটি করেন উপজেলার চরশাহী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হেজবুল্লাহ। তিনি মামলায় বিএনপির ১০ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৬০ জনকে আসামি করেছেন। অপর দিকে বিএনপির পক্ষ থেকে মামলাটি করেন একই ইউনিয়নের বিএনপির কর্মী কামাল হোসেন। তিনি জামায়াতে ইসলামীর ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বটগাছতলা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করেছে।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন। এ ঘটনায় বাধা দিলে তাঁদের ওপর হামলা হয়। তবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল রহমান হাফিজ উল্যাহ জাতীয় পরিচয়পত্র চাওয়ার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, জামায়াতের প্রচারণায় অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে।