বিশেষ প্রতিনিধি:
মফস্বল সাংবাদিকদের সুখে-দুঃখে, বিপদে-আপদে দীর্ঘ ১৫ বছর ধরে পাশে থেকে কাজ করে যাচ্ছেন অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
বর্তমানে তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করার পাশাপাশি নির্যাতন ও হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব ও অঙ্গীকার হিসেবে দেখছেন।
খায়রুল আলম রফিক বলেন, ‘আমার ওস্তাদ, অনুসন্ধানী সাংবাদিকতার গুরু সাইদুর রহমান রিমন এবং চারণ সাংবাদিক মনোনেশ দাশের কথা আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁরা আমাকে শিখিয়েছেন, মফস্বল সাংবাদিকদের পাশে থেকে সব সময় কাজ করতে হবে। তাঁরা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁদের আদর্শ ও শিক্ষা আমার পথচলার অনুপ্রেরণা। তাঁরা ছিলেন অত্যন্ত সহজ-সরল, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এবং সাংবাদিকদের বিপদে-আপদে নির্ভরতার প্রতীক।’
তিনি আরও বলেন, ‘আমার দুই গুরুর কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করছি। বিশেষ করে মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা, হুমকি, মামলা ও নির্যাতনের শিকার হন। তাঁদের বিপদের সময় পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’
সংশ্লিষ্ট সাংবাদিকদের মতে, দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার কারণে খায়রুল আলম রফিক ইতোমধ্যে অনেকের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কোনো সাংবাদিক নির্যাতন, হামলা কিংবা হয়রানির শিকার হলে তাঁর সহযোগিতা চেয়ে যোগাযোগ করেন সহকর্মীরা। অনেক ক্ষেত্রে তিনি নিজেই ছুটে যান বিপদগ্রস্ত সাংবাদিকের কাছে।
এদিকে সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটির অঙ্গসংগঠন সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনজন জ্যেষ্ঠ আইনজীবী এবং দেশের প্রতিটি জেলা আদালতে দুজন করে আইনজীবীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগের আওতায় কোনো সাংবাদিক হামলা, মামলা, নির্যাতন কিংবা হয়রানির শিকার হলে তাঁকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে। সংগঠনটির লক্ষ্য, সাংবাদিকদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে একটি কার্যকর আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলা।
পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়াতে ০৭ সদস্যের একটি বিশেষ টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির বর্তমান পরিচালক মোহাম্মদ আলী আবির এ টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে সাত সদস্যের এই বিশেষ টিম দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা হামলার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাংবাদিকের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবে।
সংগঠন সূত্রে জানা গেছে, বিশেষ টিমের সাত সদস্যের নাম ও দায়িত্ব বণ্টন খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মফস্বলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.