লক্ষ্মীপুরে অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

নোয়া সংবাদ: লক্ষ্মীপুরে  প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সয়াবিন, মরিচ, তরমুজ ও বাদামসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। এতে সব পূজিঁ হারিয়ে বড় ধরনের লোকসান পোহাতে যাচ্ছে জেলার কৃষক পরিবার।
গত বুধবার (১৯ এপ্রিল) থেকে থেমে থেমে এ বৃষ্টি শুরু হয়। টানা এ বৃষ্টিতে লক্ষ্মীপুর সদর, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ জেলার সর্বত্রই আবাদি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, এ সময়ে ফসলি মাঠে সয়াবিন ও মরিচ পাকতে শুরু করেছে। খুব শিগ্রই কৃষক সয়াবিনের ফলন ঘরে তুলবে। অনেক এলাকায় কৃষকরা পাকা মরিচ সংগ্রহ করতে শুরু করেছেন। কৃষকদের মাঝে যখন স্বপ্ন উঁকি দিচ্ছিল ফলন বিক্রি করে লাভবান হতে। ঠিক তখনই সাগরে লঘুচাপ এবং প্রবল বৃষ্টিতে ডুবে আছে ফসল। ক্ষেতে এখন পানি ৩ ফুটেরও বেশি।
প্রথমে সেচ পাম্প দিয়ে ফসলি জমির পানি সরানোর চেষ্টা করা হলেও অল্প কয়েক ঘণ্টা পর আবারো শুরু হয় বৃষ্টি। যার ফলে পানিতে ডুবে যায় পুকুর, ডোবা খাল-বিল। কোন দিকেই পানি সরানো সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতায় সয়াবিন, মরিচ এবং বাদামসহ অন্যান্য ফসল এখনো ডুবে আছে। খালগুলো সব ভরাট, পানি প্রবাহের জন্য নেই কোন কালভার্ট! চারদিকের কৃষকদের মুখে এখন শুধু শুনা যাচ্ছে হাহাকার।এবার প্রতিজন কৃষক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হবে বলে ধারনা করা হচ্ছে।যা কৃষকদের পরিবারে দারিদ্রতা বৃদ্ধি করতে পারে। তাই জেলার কৃষকদের সহযোগিতা করার জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কৃষক পরিবার।