লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের উপর ককটেল হামলা !

নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. শহিদ উল্যার ওপর ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬,জুন)রাত ১টার দিকে কমিউনিটি পুলিশিংয়ের পাহারা তদারকি শেষে বাড়ি ফেরার পথে ইউনিয়নের কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

শনিবার(১৭,জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুর-রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার পংকজ কুমার দে ও রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া।

স্থানীয়রা জানান, ঘটনার সময় কমিউনিটি পুলিশিংয়ের পাহারা তদারকি করে ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। শ্রীরামপুর কালিতলা নামক স্থানে ওত পেতে থাকা তিন-চারজন দুর্বৃত্ত তার ওপর কয়েকটি ককটেল ও এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শহিদ উল্যাহ। তবে মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা রায়হান ভূঁইয়া অক্ষত রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্যাহ বলেন, “সন্ত্রাস-মাদক বন্ধে আমি কাজ করছি। এতে অজ্ঞাত লোকজন দুই দিন আগে থেকে আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়। এ ছাড়া আওয়ামী লীগের নাম বিক্রি করে অপকর্ম করা ব্যক্তিরা হামলায় জড়িত থাকতে পারে।

রায়পুর-রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।