লক্ষ্মীপুরের মেয়ে নামজুন নাহার, বিশ্বের ৯৩ দেশ ঘুরে উড়িয়েছে বাংলাদেশী পতাকা

নোয়া সংবাদ ডেস্ক:

বাংলাদেশের উপকুলীয় জেলা লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার বিশ্বের ৯৩টি স্বাধীন দেশ ঘুরে বিশ্ববাসী কে তাক লাগিয়ে দিয়েছেন ।পৃথিবীর বিভিন্ন মহাদেশের ৯৩ দেশেই উড়িয়েছেন বাংলাদেশী পতাকা। প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের।

তিনিই প্রথম বাংলাদেশী নারী যিনি এতগুলো দেশ ভ্রমনের রেকর্ড করেছেন।এ বছর শততম দেশ ভ্রমন করবেন।  শুধু নিজেই ঘুরে বেড়াননি। মাকে ও নিয়ে গেছেন ১৪ দেশে।

বাংলাদেশের ইতিহাসে প্রথম দুর্দান্ত এ নারী পরিব্রাজকের জন্ম ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর উপজেলার হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে। ব্যবসায়ী বাবা মোহাম্মদ আমিন ২০১০ সালে পৃথিবী ছেড়ে গেছেন। মা তাহেরা আমিন। ৩ ভাই এবং ৫ বোনের মধ্যে নাজমুন নাহার সবার ছোট।

নাজমুন নাহার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী পাশের পর দালাল বাজার নবীণ কিশোর (এনকে) হাই স্কুল থেকে এসএসসি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর কিছু দিন সাংবাদিকতা করেন। পরে ২০০৬ সালে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য যান সুইডেনে। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি।

২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ার সময় বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হিসেবে সুযোগ পান আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশ গ্রহনের। সে সময় তিনি ভারতের ভুপালের পাঁচমারিতে যান। এটিই তাঁর জীবনের প্রথম বিদেশ ভ্রমন বলে জানান তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে ৯৩তম দেশ হিসেবে ভ্রমণ করেছেন নিউজারল্যান্ড। আগামিতে আরো সাত দেশ ঘুরে ভ্রমনের সেঞ্চুরি করেই ক্ষান্ত হবেন তিনি। শততম দেশ হিসেবে তার তালিকায় আছে সাউথ আফ্রিকা।

ভ্রমনের খরচ কিভাবে যুগিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুল জীবন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করেছেন। ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জায়গা। সুইডওয়াচসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় খন্ডকালীন চাকরি করেছেন। এগুলোই তার ভ্রমণ খরচের উৎস।

দীর্ঘ ভ্রমণ শেষে সুইডেন প্রবাসী নাজমুন নাহার বাংলাদেশে এসেছেন গত ডিসেম্বরে। বর্তমানে ঢাকাতেই আছেন। শুক্রবার তিনি নিজ জন্মস্থান লক্ষ্মীপুরে এসেছেন।

প্রসঙ্গত এর আগে প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০০৯ সালে এভারেস্ট জয় করেন লক্ষ্মীপুরে জন্ম নেয়া আরেক নারী নিশাত মজুমদার।

সূত্র:লক্ষ্মীপুরটোয়েন্টিফোর