স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জণ উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার(২০মার্চ,২০১৮)সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,লক্ষ্মীপুর এর সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান এবং জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন,  জাতিসংঘের তথ্য মতে বর্তমানে বিশ্বের সর্বমোট ৪৭টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে। ২০১১ সালের ৯-১৩ মে জাতিসংঘের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহের ৪র্থ সম্মেলনে অংশগ্রহণ করে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন করেছে। এরই সুবাদে চলতি বছরের গত ১২-১৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সিডিপি’র ত্রি-বার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদণ্ড পূরণের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে।