বাংলাদেশের নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

নোয়া সংবাদ ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। আগামী ২৫ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
এ বিষয়ে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা– বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।‘
এর ফলে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন অবসরে যাবেন।
আজিজ আহমেদ অষ্টম বিএমএ দীর্ঘদেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশনপ্রাপ্ত হন। তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও–৩ (অপারেশন), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের গ্রেড–২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদফতরের গ্রেড–১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন।
তিনি একটি আর্টিলারি ইউনিট, একটি বিজিবি ব্যাটালিয়ন, বিজিবির একটি সেক্টর, স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডসহ মোট দুইটি আর্টিলারি ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশন দক্ষতার সঙ্গে কমান্ড করেন।
তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইনেটলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজিজ আহমেদ ২০১২ সালের ৭ মে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। ওই বছর ৫ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।
২০১৬ সালের নভেম্বরে বিজিবির মহাপরিচালক থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হন।
২০১৮ সালের ৯ জানুয়ারি কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ পান আজিজ আহমেদ। ওই সময় থেকে বর্তমান পর্যন্ত কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
