সিইসি’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন মাহবুব তালুকদার

অনলাইন ডেস্ক:

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন কমিশনার মাহবুব তালুকদার।‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে’-  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের করা এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা মঙ্গলবার(১৮ডিসেম্বর) রাঙামাটিতে বলেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অসত্য বলছেন।

বুধবার(১৯ডিসেম্বর) সিইসির এই বক্তব্যের প্রতিবাদ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তাঁর এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, একথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান।

তিনি আরও বলেন, ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তাঁর কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত সোমবার (১৭ ডিসেম্বর) বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই, তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই?