আরব আমিরাতে হচ্ছে না ঈদের জামাত , মসজিদে প্রচার হবে তাকবির

অনলাইন ডেস্ক।।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনের ঝুকির কারণে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের নামাজ সবাইকে ঘরে পড়তে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
তবে ঈদের নামাজের ১০ মিনিট আগে মসজিদে মসজিদে তাকবির প্রচার করা হবে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ প্রচার করা হবে।
বৃহস্পতিবার(২১ মে) দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে এ কথা জানানো হয়।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টসের মুখপাত্র শেখ আবদুল রহমান আল শামসি বলেছেন, ‘ঈদের দিন নামাজের জন্য কোনও খুতবা হবে না।’
তিনি আরব আমিরাতের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া প্রিয়জনদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকার আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সঙ্গে ঈদ উদযাপনে পার্টি ও উৎসব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কোনো ধরনের গণজমায়েত করলে ১০ হাজার দিরহাম এবং জমায়েতে অংশ নিলে পাঁচ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের দেশটির স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাগুলো মেনে চলতে জোর তাগিদ দেন।
