লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে নির্যাতন, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই গৃহবধূকে শারীরিক নির্যাতন চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।করোনা পরিস্থিতির কারণে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন পরিস্থিতির শিকার দুই নারী।

সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (১৬ জুন) দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ও পরিবার জানায়, মুখোশপরা ৫-৬ দূর্বুত্ত রাতে স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের ঘরে ঢোকে। পরিবারের পুরুষ সদস্যরা বাইরে ছিল তখন। এ সময় তার ছেলে প্রবাসফেরত মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী-শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় ৯৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় তারা। পরে তারা ৯৯৯ ফোন করে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, দুর্বৃত্তরা শিশুদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে। এ সময় দুই গৃহবধূকে তারা শারীরিকভাবে নির্যাতন চালায়। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।