রামগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ’র মৃত্যু

রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারমান শহিদ উল্লাহ শহিদ মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ– সভাপতি ছিলেন।
রবিবার(২১ জুন) ভোর রাতে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। তার অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকা আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোরে তার মৃত্যু হয়। তবে তিনি করোনায় মারা গেছেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায় নি।
করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছি না। তার ইউনিয়ন নিয়ে আমাদের কতো পরিকল্পনা ছিলো, প্রতিনিয়তই আমার সাথে যোগাযোগ করতো, করোনা নিয়ে এলাকায় প্রচুর কাজ করেছে সে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
