বশেমুরবিপ্রবির এক নেপালি শিক্ষার্থীর করোনা শনাক্ত

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ‘লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন’ বিভাগের ২য় বর্ষের এক নেপালি বংশোদ্ভূত শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মো. শাহজাহান আমাদের জানান, “বর্তমানে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে এবং গোপালগঞ্জ সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

বিদেশী এই করোনায় আক্রান্ত শিক্ষার্থী সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়া বলেন “ঐ শিক্ষার্থী এখন কিছুটা সুস্থ্য আছেন। শেখ রাসেল হলে তার যথাযথ পরিচর্যা চলছে। ”

তিনি আরও বলেন,” ঢাকার স্কয়ার হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়েছিলো, তারপরই আমরা নিশ্চিত হয়েছি তার করোনা শনাক্তের ব্যাপারে এবং আইসোলেশনের ব্যবস্থা করেছি।”

উল্লেখ্য যে, শনিবার একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন বশেমুরবিপ্রবির ২৮ নেপালি শিক্ষার্থী। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় এই শিক্ষার্থী নেপাল যেতে পারেননি।