করোনা মহামারিতেও মানবিকতার সেবায় অবিচল পুলিশ

অনলাইন ডেস্ক।।

মহামারী করোনার সময়ে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করে যাচ্ছে দেশের পুলিশ বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখা নিরাপত্তার বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি নাগরিকদের পাশে থেকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।

ত্রাণসামগ্রী বিতরণ, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবার ও প্রতিবেশীর সুরক্ষায় কোয়ারেন্টাইন নিশ্চিত করা, এমনকি মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনও অংশগ্রহন করছে পুলিশ। দরিদ্র ও অসহায় মধ্যবিত্তের ঘরে খাবারও পৌঁছে দিচ্ছে পুলিশ। মানবিকতার হাত বাড়িয়ে এ ধরনের কাজ করায় পুলিশ বাহিনীর সদস্যরা দেশের মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।

রবিবার(২১ জুন)পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন পুলিশ। এরমধ্যে ডিএমপির ২ হাজার ৯২ জন। তবু করোনা মহামারিতে সেবা প্রদানে অনড় পুলিশ। তাদের মনোবল ভাঙেনি। মৃত্যুভয়ে পিছপা না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মাঠ পর্যায়ে দায়িত্বপালনকারী পুলিশ সদস্য বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দেশের এ ক্রান্তিকালে জনগণের পাশে থাকবে পুলিশ। এটা আমাদের পবিত্র দায়িত্ব।

নিজেরা সংক্রমিত হওয়ার ভয়, পরিবার-পরিজনের পিছুটান উপেক্ষা করে মানুষের জন্য কাজ করে চলেছেন পুলিশ সদস্যরা। কোনো কোনো স্থানে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ গ্রহণ তো দূরে থাক জানাজা পড়ানোর জন্যও পরিবারের কেউ ছিল না। সেখানে পুলিশের সদস্যরা জানাজা পড়েছেন, কবর খুঁড়েছেন এবং দাফন করেছেন। দেশের বিভিন্ন স্থানে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সঙ্গে অন্য কারণে মারা যাওয়া ব্যক্তিদের লাশও এলাকাবাসী বাধা দিচ্ছেন দাফন করতে। পুলিশ সেখানেও মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, মানবিক পুলিশের অনন্য উদাহরণ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বৈচিত্র্যময় ভূমিকাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি, পেশা, লিঙ্গ, সংস্কৃতি, অভিবাসন, অভিগমন ইত্যাদিকে বিবেচনায় না নিয়ে নিরপেক্ষভাবে পুলিশ বাহিনীর সদস্যরা করোনা দুর্যোগে জনমুখী দায়িত্ব পালন করছেন।