নরমাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি

শেখ আল মামুন,সাতক্ষীরা।।

একটি সময় ছিল যখন স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানো সম্ভব না হলে তখনই কেবল চিকিৎসকেরা সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা করতেন। কিন্তু সাম্প্রতিককালে সিজারিয়ান ডেলিভারির হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

সিজারিয়ান ও নরমাল ডেলিভারি নিয়ে পক্ষে-বিপক্ষে তুলনামূলক বিভিন্ন মন্তব্য, গবেষণা তথ্য ও আলোচনা বিদ্যমান আছে। এসব আলোচনায় নরমাল ডেলিভারিই সবচেয়ে বেশি যৌক্তিক হিসেবে প্রমাণিত হয়েছে।

দেখা যায়, সিজারিয়ান অপারেশনের কারণে একজন নারীর পক্ষে দুই বা তার অধিক গর্ভধারণ করা অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না। আবার যেহেতু সিজারিয়ান ডেলিভারি হাসপাতলে করতে হয় ফলে নবজাতক শিশু হাসপাতালে থাকাকালীন সময়ে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। গবেষণায়ও দেখা গেছে, সিজারিয়ান শিশুদের মধ্যে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত হওয়ার হার বেশি।

বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান করে দেখা গেছে, মায়ের বুকের দুধপান জনিত সমস্যা নরমাল প্রসবের তুলনায় সিজারিয়ান শিশুর মধ্যে বেশি থাকে। এছাড়াও সিজারের ক্ষেত্রে যেহেতু অস্ত্রোপচার করতে হয় ফলে এটি অনেক সময়ই জটিলতা সৃষ্টি করে এবং অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন হাসপাতালে অবস্থান করতে হয় যা বেশ ব্যয়বহুল।

অপরদিকে নরমাল ডেলিভারির ক্ষেত্রে দেখা যায়, অস্ত্রপাচারের জটিলতা নেই এবং বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কম, কারণ সাধারণ ডেলিভারির মাধ্যমে শিশু তার মায়ের থেকে বেশকিছু অণু-জীবাণু পেয়ে থাকে; যা তার রোগ প্রতিরোধ সিস্টেমকে শক্তিশালী করে। নরমাল ডেলিভারিতে জন্ম হওয়া শিশুর শরীরে উচ্চরক্তচাপ কম থাকে; যা শিশুর জন্য খুবই ভালো। শিকাগোর ডা. এলিউট এম লেভিন ও তার সহযোগী গবেষকদের মতে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর মধ্যে উচ্চ রক্তচাপ নরমাল ডেলিভারির শিশুর তুলনায় পাঁচ গুণ বেশি থাকে।

নিউরোসায়েন্সের একদল বিজ্ঞানী গবেষণার মাধ্যমে মন্তব্য করেছেন যে, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা সিজোফ্রেনিয়ার মতো মারাত্মক মানসিক রোগে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। জার্নাল অব ক্লিনিক্যাল ইমিউনোলজিতে প্রকাশিত এক গবেষণা রিপোর্ট বলছে, সিজারিয়ান বাচ্চাদের মধ্যে অ্যাজমার প্রবণতা নরমাল ডেলিভারিতে হওয়া বাচ্চার তুলনায় অনেকটাই বেশি। এসব কারণে গর্ভবতী নারীর মারাত্মক কোনো স্বাস্থ্যঝুঁকি না থাকলে বিশেষজ্ঞরা সবসময় নরমাল ডেলিভারি করানোর পরামর্শ দিয়ে থাকেন।