চাটখিল জনতা ব্যাংক শাখায় ১ লাখ টাকার গরমিল নিয়ে তোলপাড়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর চাটখির পৌর বাজার জনতা ব্যাংক শাখায় ১ লাখ টাকার গরমিল নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

চাটখিল বাজারে ইলেকট্রনিকস ব্যবসায়ী নুর হোসেন খোকন তার প্রতিষ্ঠানের ম্যানেজার স্বপনকে ৫ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে ব্যাংকে পাঠান।

সোমবার বিকেল ৪ টার সময় স্বপন ব্যাংকের ক্যাশিয়ার আজিজুল হাকিমের সামনে ওই টাকা রাখেন। কিছুক্ষন পর আজিজুল হাকিম স্বপনকে বলেন এখানে টাকা আছে ৪ লাখ ৬৫ হাজার। এ নিয়ে স্বপন ও ক্যাশিয়ার আজিজুল হাকিমের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে নুর হোসেন খোকন ব্যাংকে গিয়ে চ্যালেঞ্চ করে বলেন টাকার পরিমান ৫ লাখ ৬৫ হাজার। এক পর্যায়ে খোকনের দাবীর প্রেক্ষিতে ম্যানেজার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ক্যাশিয়ার আজিজুল হাকিম কৌশলে ১ লাখ টাকার একটি ব্যান্ডেল সরিয়ে ফেলেন। তখন ক্যাশিয়ার হাকিম এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

বুধবার(৮ জুলাই) দুপুরে এ বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকরা ব্যাংকে গেলে ম্যানেজার তারেক মোঃ মুসা সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন।

তিনি আরও বলেন, ব্যাংকে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।