করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন ডা. সাবরিনা

অনলাইন ডেস্ক।।
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জালিয়াতি মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষায় জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও কার্যালয়ে ডাকা হয়। দুপুর সোয়া ১টার দিকে কর্মস্থল থেকে তিনি তেজগাঁও কার্যালয়ে হাজির হন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।
গত ২৫ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুনুর রশিদ।
তিনি বলেন, ‘তদন্তে প্রতারণার সঙ্গে ডা. সাবরিনার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে এরইমধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ডা. সাবরিনা তার স্ত্রী।
জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে।
পুলিশ জানিয়েছে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।
