দুমকিতে গরুর হাটে দু’পক্ষে সংঘর্ষ, আহত-৫

মো: সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে কোরবানীর গরুর হাটে দু’পক্ষের হামলা-সংঘর্ষে অন্তত: ৫জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বোর্ড অফিসের কোরবানীর গরুর হাটে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, কোরবানীর পশুরহাটে রাজাখালীর বাসিন্দা সৈয়দ সাহাবুদ্দিনের ছেলে সৈয়দ হাসান ও তার নাতি রাব্বির গরু ছুটে গিয়ে মুরাদিয়ার জনৈক মাওলানা আমির হোসেনের ছেলে মহিবুল্লার গরুকে গুঁতো দেয়ায় ঘটনায় দু’পক্ষে হামলা-সংঘর্ষ বাঁধে।

মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন জড়ো হলে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় সৈয়দ হাসান, মহিবুল্লাহসহ উভয় পক্ষের অন্তত: ৫জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোর্ড অফিস বাজারের বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গরুরবাজারে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন পক্ষ এখনও লিখিত কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।