চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মিত হচ্ছে দুইটি ভবন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মহানগরীর জামালখান ওয়ার্ডের ঝাউতলা এলাকায় ৬০ কোটি টাকা ব্যয়ে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত হচ্ছে ১৪তলা বিশিষ্ট দুটি আবাসিক ভবন। এতে আবাসন হবে ৩৮৯টি পরিবারের।

গত বৃহস্পতিবার ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, এই মহৎ কাজে প্রধানমন্ত্রীর অর্থ বরাদ্দ একটি যুগোপযোগী পদক্ষেপ।

চসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা ও প্রণোদনায় চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্ন কর্মীদের জন্য বাসযোগ্য অত্যাধুনিক আবাসন ভবন নির্মাণের উদ্যোগ সমাজের কর্মজীবী প্রান্তিক জনগোষ্ঠীর বাসস্থানের মৌলিক অধিকার পূরণের একটি ভিত্তি সোপান। সেবকদের যেভাবে মানুষ হিসেবে দেখা উচিত সেভাবে থেকে দেখা হয় না, যা অত্যন্ত বেদনাদায়ক। সেবকরাও মানুষ।

তিনি জানান, ৬০ কোটি টাকা ব্যয়ে প্রায় ২২ হাজার বর্গমিটারের এই ভবনগুলোতে ৩৮৯টি পরিবারের বাসস্থান হবে। কমন স্পেসসহ প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৬০২ বর্গফুট। প্রতিটি ভবনে দুটি বেড রুম, ড্রইং কাম ডাইনিং স্পেস, কিচেন ও ওয়াসরুম থাকবে। ভবনের নিচতলায় স্কুল, কমিউনিটি সেন্টার, কিডস জোন, উপাসনালয়, দুটি লিফট, ৪০০ কেভি জেনারেটর, ট্রান্সফরমার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার সরঞ্জাম থাকবে। চট্টগ্রাম নগরীতে এই পরিচ্ছন্নকর্মী ভবন একটি সর্বাধুনিক বাসযোগ্য আবাসন হিসেবে পরিচালিত হবে।

জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে সভায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সমাজসেবক হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, সমাজসেবক মো. ইমতিয়াজ, ওয়াহিদুল আলম শিমুল, সহকারী প্রকৌশলী ফারজানা মুক্তা, গোলাম আফজাল, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদের সভাপতি বিষ্ণু লাল প্রমুখ উপস্থিত ছিলেন।