হাজার কোটি টাকায় নির্মাণ হচ্ছে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট কালনা সেতু

সাজ্জাদ চৌধুরী।।

প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট সেতু নির্মাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা ফেরিঘাটে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট মধুমতি নদীর উপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। নির্মাণাধীন সেতুটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৯শ’ ৬০ কোটি টাকা। জাইকার সহযোগিতায় ও দেশীয় অর্থে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এ সেতু নির্মাণের কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি এই সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন, আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন। আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সেতুটির ৩৫শতাংশ কাজ শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

এটি নির্মাণের ফলে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও যশোর, বেনাপোলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন হয়ে উঠবে এই কালনা সেতু।

কালনা সেতুর সহকারী প্রকল্প পরিচালক ও সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন জানান, ছয় লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির এবং দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য হবে ৬শ ৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশের অ্যাপ্রোচ সড়ক হবে ৪ দশমিক ৩০ কিলোমিটার। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯শ ৬০ কোটি টাকা।