আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, প্রধানমন্ত্রী কে মেজর রাশেদ খানের মা

অনলাইন ডেস্ক।।

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর  সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(৪ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী সিনহা রাশেদের মাকে ফোন করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে নিহত রাশেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এসময়  সিনহার মা নাসিমা আক্তার প্রধানমন্ত্রীকে বলেছেন: ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

গত ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গাড়ী থেকে নামিয়ে সরাসরি গুলি করে  হত্যা করা হয় মেজর (আব:) সিনহা মো. রাশেদকে।

এই ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সিনহার সঙ্গে থাকা সিফাত নামে এক যুবকের ভাষ্য দিয়ে বলা হয়েছে, ‘কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই মেজর (অব.) সিনহার বুকে একে একে তিনটি গুলি ছোড়েন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।’

অন্যদিকে টেকনাফ মডেল থানায় পুলিশের করা মামলায় উল্লেখ করা হয়েছে, ‘সিনহা মো. রাশেদ হঠাৎ করে তাঁর কোমরের ডান পাশ থেকে পিস্তল বের করে গুলি করার জন্য উদ্যত হলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী নিজের এবং সঙ্গে থাকা অফিসার ফোর্সদের জানমাল রক্ষার জন্য চারটি গুলি করেন।’

এ ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকতসহ ১৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরের দিন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয় । পরে তা পুনর্গঠিত করা হয় আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।