যৌতুকের বলি গৃহবধূ মীম হত্যার বিচার দাবীতে মানববন্ধন

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার সান্তাহার পৌর শহরের মেয়ে এবং দুপচাচিয়ার গৃহবধূ মীম আক্তারকে যৌতুকের দাবিতে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ আগস্ট) সন্ধ্যায় সান্তাহার শহরের সড়ক ও জনপথ কারখানা তথা ওয়ার্কসপ জামে মসজিদের চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নিহতের বাবা মোসলেম উদ্দীন, মা ফরিদা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর স্বামী ফজলে রাব্বী ও তার পরিবারের লোকজন যৌতুক দাবী করে নানা ভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছিল।

ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে। কিন্তু লোভী স্বামী ২৮ জুলাই সন্ধ্যা রাতে ফের যৌতুক দাবী করলে উভয়ের মধ্যে কলহ শুরু হয়। গভীর রাতে পরিকল্পিত ভাবে মীমকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। এ ঘটনায় আদমদীঘি থানায় আমরা মামলা করতে গেলে পুলিশ অপমৃত্যু মামলার অজুহাত দিয়ে আমাদের হত্যা মামলা গ্রহণ করেনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত মীমের বাবার বাড়ি নামা পৌঁওতা গ্রামের বাসিন্দা মতিউর রহমান টিটু, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোরশেদ, আনজুমান আরা প্রমুখ।

উল্লেখ্য, বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের তানসেন প্রামানিকের ছেলে ফজলে রাব্বির সাথে দুই বছর আগে সান্তাহার নামা পৌঁওতা গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মীম আক্তারের বিয়ে হয়।