সিহাবের হত্যাকান্ডের প্রধান আসামী ময়মনসিংহ থেকে গ্রেফতার

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘি উপজেলার বহুল আলোচিত শিক্ষার্থী সিহাব আহাম্মেদ (১৭) হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী শিপলু ও তার বাবা এখলাস হোসেনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

ঘটনার ৭দিন পর শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি থানা পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই দুজনকে গ্রেফতার করে। আদমদীঘি-দুপচাচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কে,এইচ,এম এরশাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় উপজেলার রক্তদহ বিলের বেইলী ব্রিজ এলাকায় পাশের করজবাড়ি গ্রামের সন্ত্রাসী শিপলু’র ছুরিকাঘাতে খুন হয় সান্তাহার শহরতলীর দমদমা গ্রামের পূর্বপাড়ার মেধাবী ছাত্র সিহাব আহাম্মেদ। এ ঘটনায় গুরুতর আহত হয় সিহাবের দুই বন্ধু। পূর্ব মারপিটের সূত্র ধরে হওয়া এ হত্যাকান্ড জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। মৃত সিহাবের গ্রামবাসী  খুনি শিপলু সহ অপর আসামীদের গ্রেফতার ও বিচারের জোর দাবী জানিয়ে আসছিলো। গ্রামবাসী বিচার দাবীতে মানবন্ধন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এ ছাড়া নিরপরাধ সিহাব হত্যাকান্ডের বিচার দাবীতে উপজেলার সচেতন জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিহাব হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।