বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনার তদন্ত কমিটি থেকে নজরুল ইসলামকে অব্যাহতি

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি থেকে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

১৮ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয় তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখতে ৬ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে আজ দুপুরে চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাধারন শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে ৷ উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা জানায়, “কম্পিউটার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে তখন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামও পনির সাথে রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন।”

এব্যাপারে নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরী থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয় এবং পরবর্তীতে ১৩ আগস্ট রাতে ৩৪ টি কম্পিউটার ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।