লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা করেছে ছেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে জাফর।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৫৫) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে।

নিহত শেফালীর  বড়ছেলে জসিম উদ্দিন বলেন , গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে।

শুক্রবার সকালে মায়ের সাথে টাকার দাবি নিয়ে  কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফর হোসেনকে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Share this news as a Photo Card

28 August 2020

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা করেছে ছেলে

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে