আদমদীঘিতে পুকুর থেকে শত মন মাছ চুরি 

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘিতে দুই নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে একদল দুর্বৃত্ত পুকুরে জাল নামিয়ে প্রায় এক শত মন বড় মাছ চুরি করে নিয়ে গেছে।

এলাকায় সারা জাগানো ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে।

জানা গেছে, আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, মাছ চাষী রফিকুল ইসলাম ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম-আদমদীঘি রাস্তার পাশে রানীদীঘি নামক একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ওই পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য উপজেলা সদরের তালসন গ্রামের সৌভাগ্য হালদার ও সাগরপুর গ্রামের নূরুল প্রমানিক নামক দু্ইজনকে নৈশ্যপ্রহরী হিসাবে রাখা হয়।

রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত পুকুর পাড়ের ঘরের বারান্দায় থাকা দুই নৈশ্য প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এর পর পুকুরে জাল নামিয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের প্রায় এক শত মন বড় সাইজের রুই, কাতল ও পাঙ্গাস মাছ চুরি করে মিনি ট্রাক যোগে পালিয়ে যায়।

বিষয়টি ভোর রাতে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি  তদন্ত করে দেখা হচ্ছে, চোরদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।