লক্ষ্মীপুর থেকে করোনা জয়ী পুলিশ সদস্যরা প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা

জাফর আহম্মদ,লক্ষ্মীপুর।।
“করোনা জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন,জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন”লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে করোনামুক্ত ১৬ পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে।
আজ মঙ্গলবার( ০১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে লক্ষ্মীপুর জেলা পুলিশের করোনামুক্ত ১৬ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংক রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে।
এ পর্যন্ত করোনা মহামারিতে দ্বায়িত্ব পালনের সময় লক্ষ্মীপুর জেলা পুলিশের ৮৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮০ জন সুস্হ হয়ে কাজে যোগদান করেছেন।পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়েই নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।
করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম ধারণা, ভ্রান্ত ধারণা, মতবাদ প্রচলিত আছে। অবশ্য শুধু বাংলাদেশ কেন পুরো বিশ্বেই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মানুষের ধারণা সুখকর নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশ কর্তৃক একজন কৃষাঙ্গ নাগরিক হত্যার পর শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, একই সঙ্গে পুরো বিশ্বকে চরম ভাবে নাড়া দিয়েছিল।
তেমনি করোনাকালে আমাদের দেশের পুলিশ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশ্বের প্রচার মাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা করা হয়েছে। বিশেষ করে করোনাকালে আমাদের পুলিশের মানবিক এই ভূমিকায় জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পুলিশ বাহিনী বীর সদস্যদের স্যালুট জানাই। পাশাপাশি পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালনে আগামী দিনেও মানুষের সুখে-দুখে পাশে থাকবেন এই প্রত্যাশা দেশের আপামর মানুষের।
অবশ্য এখানে একটি কথা বলা জরুরি, যে এবার জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশের স্লোগান ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। পুলিশের এই স্লোগানের যথার্থতার প্রমাণ মেলে এই করোনাকালে তাদের দায়িত্বের বাইরে গিয়ে যে মানবিক ভূমিকা রেখে চলেছে।
