আজ ওমানে দুর্ঘটনায় নিহত ফটিকছড়ির বক্করের লাশ ফিরেছে

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ফটিকছড়ির প্রবাসী আবু বক্করের(৪৩) লাশ আজ শুক্রবার দেশে ফিরেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মাস্কাট হতে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দরে লাশটি প্রেরণ করা হয়। বিমান বন্দর হতে অ্যাম্বুলেন্স করে সড়ক পথে লাশটি তার নিজ গ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন প্রগতি ক্লাব সংলগ্ন ফারুক মাস্টার বাড়িতে নেওয়া হচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল পাঁচটায় তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
ভিসা জটিলতায় অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বক্করের লাশ আইনি জটিলতা সম্পন্ন করে দেশে দ্রুত পাঠাতে সহযোগিতা করেছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।
ওমান থেকে লাশ পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত থাকা নিহত বক্করের ভাগিনা বাবুল ও চাচাতো ভাই মাসুদ বলেন। শুরু থেকে সকল প্রকার আইনি জটিলতা সমাধানে সহযোগিতা করেছে দূতাবাসের কর্মকর্তা মাসুদ ভাই। তার আন্তরিক প্রচেষ্টায় এতো দ্রুত লাশ দেশে পাঠানো সম্ভব হয়েছে। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর মাস্কাট সিটির মওয়ালা সবজি মার্কেট থেকে বের হয়ে পায়ে হেঁটে মহাসড়ক পারাপার হতে গিয়ে গাড়ির চাপায় নিহত হয় বক্কর। তিনি এক সন্তানের জনক। তিন বছর পূর্বে সর্বশেষ দেশে গিয়েছিলেন।
