সান্তাহারে ব্রিজ মুখের বিকল্প সড়ক না সরানোয় ধানের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি

হাবিব শিমুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ।।

সান্তাহার-নাটোর-নওগাঁ বাইপাস সড়কের সান্তাহারের মালশন গ্রামের নিকট খিড়কিতলা নামক স্থানে নতুন করে ব্রিজ নির্মান করা হয়েছে। মালশন-শিমুলিয়ার বিশাল মাঠের পানি সহজে নিষ্কাশনের জন্য সড়ক ও জনপথ বিভাগ ওই ব্রিজটি নির্মান করে। এ সময় কর্তৃপক্ষ সড়কের পশ্চিম পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে। প্রায় এক বছর পূর্বে চলাচলের জন্য নতুন ব্রিজ চালু করা হলেও কর্তৃপক্ষ বিকল্প সড়ক অপসারণ করে নেয় নি। ফলে ব্রিজ করা না করা সমান হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতায় ডুবছে আমন ধানের ক্ষেত। এতে করে দিশেহারা হয়ে পরেছেন কৃষকগণ।

বর্তমানে ওই বিকল্প সড়কটিতে সুযোগ সন্ধানী এক ব্যক্তি কলা চাষ করছেন। সড়ক বাঁধ অপসারণ করতে বলায় ওই ব্যক্তির সাথে ধান চাষীদের বিরোধ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে পক্ষ-বিপক্ষ। তাদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। যে কোন সময় সংঘর্ষ বাধতে পারে বলে সচেতন এলাকাবাসী আশঙ্কা করছেন।

জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময় সু-পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে ওই বাইপাস সড়ক নির্মান করা হয়। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টিতে নানা অসঙ্গতি দেখা দেয়। বিশেষ করে বিশাল বিশাল ফসলের মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা অন্যতম। এর প্রেক্ষিতে এই পয়েন্টের এক কিলোমিটারের মধ্যে নতুন করে দুইটি ব্রিজ নির্মান করা হয়েছে। ব্রিজ দুইটি নির্মানের সময় চলাচল ব্যবস্থা সচল রাখতে বিকল্প সড়ক নির্মান করা হয়। কাজ শেষে মালশন স্কুলের সামনের ব্রিজের বিকল্প সড়ক অপসারণ করা হলেও খিড়কিতলার বিকল্প সড়ক অপসারণ করা হয় নি।

মালশন গ্রামের ধান চাষী শহিদ মোল্লা, রোস্তম মোল্লা, মিলাদুননবী মুনমুন, শামসুল হক, শান্ত প্রামানিকসহ অনেক কৃষক অভিযোগ করে বলেন, ব্রিজ সংলগ্ন জমির মালিক জনৈক কালাম শাহ’র সাথে যোগসাজস করে বিকল্প রাস্তা অপসারণ না করে চলে যায় সওজ নিয়োজিত ঠিকাদার। এর কারন জানতে চাইলে সে সময় ঠিকাদার বলেন যে, কালাম শাহ নিজ খরচে তার নীচু জমিতে বিকল্প সড়কের মাটি নিয়ে গেলে আর কোন সমস্যা হবে না। কিন্তু সমস্যা দূর হয় নি, বরং বেড়েছে।

এ ব্যাপারে রবিবার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হকের সাথে মোবাইল ফোনে সংবাদকর্মী যোগাযোগ করলে   তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। ২/৪ দিনের মধ্যে বিকল্প সড়কটি অপসারণ করার ব্যবস্থা নেয়া হবে।