শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো মানুষ হতে শেখান:শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক ।।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা নিজেদের পুড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ান। তারা শিক্ষার্থীদের মূল্যবোধ শেখান, ভালো মানুষ হতে শেখান। রাষ্ট্রের দায়িত্ব তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা দেয়া। বর্তমান সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘শিক্ষক দিবস : প্রেক্ষিত বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাননী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। কোনো রকমের সীমাবদ্ধতার কারণে কেউ যেন পিছিয়ে না পরে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
জাতীয়করণের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জাতীয়করণের কথা বলেছেন, এটার সঙ্গে সরকারের আর্থিক অনেক বড় সংশ্লিষ্টতাই শুধু নয় নীতিগত সিদ্ধান্তও জড়িত। কাজেই এই মুহূর্তে এটির ব্যাপারে আমি কোনও মন্তব্য না করতে পারলেও শিক্ষায় যে সবচেয়ে বড় বিনিয়োগ হতে হবে সেটা আমি মনে করি। জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭০ সালে বলেছিলেন, জাতীয় আয়ের অন্তত পক্ষে ৪ শতাংশ শিক্ষায় বিনিয়োগ হওয়া জরুরি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য সরকার মনোযোগ দেয়নি। শিক্ষায় যে প্রসার ঘটেছে তা আওয়ামী লীগের সময়ই ঘটেছে।’
শিক্ষকদের সমস্যা ও জাতীয়করণের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন, তারা যে বেতন-ভাতা পাচ্ছেন তা মোটামুটি সম্মানজনক। আর বেসরকারি শিক্ষায় আমাদের বহু বিভাজন রয়েছে। সেখানে যারা এমপিওভুক্ত তাদের বেতন কাঠামো আমরা যেভাবে আশা করি, যেভাবে সম্মানজনক জীবন রক্ষা করতে পারেন, হয়তো সেটা এখনও যথেষ্ট নয়। কিন্তু তারপরও সামলে নিচ্ছেন। কিন্তু যারা এমপিওভুক্ত নন, তাদের অবস্থা অমানবিক। তাদের জীবন ধারণ অনেক সময় কষ্টদায়ক। তাদের শিক্ষকতার পাশাপাশি তাদের অনেক ধরনের কাজে সম্পৃক্ত হতে হয়, সেটা হয়তো তার পেশার সঙ্গে সম্পর্কিত নয়, সম্মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
