আদমদীঘিতে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু

হাবিব শিমুল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের মাঠে আমন ধান ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটাতে গিয়ে সেচ পাম্পের ছিড়ে থাকা তারের সাথে জড়িয়ে আবু তালহা নামের এক কলেজ ছাত্র ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেছে। গুরুতর আহত হয়েছে তার বাবা নজিবর রহমান।
এ ঘটনায় এলাকাবাসী উত্তোজিত হয়ে সেচ পাম্প মালিকের বিচার দাবীতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রায় ঘন্টা ব্যাপী সময় ধরে অবরোধ করে রাখে।
জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের নজিবর রহমান তার কলেজ পড়ুয়া ছেলে আবু তালহা (১৮) কে সাথে নিয়ে মঙ্গলবার সকালে আমন ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটাতে যায়। এক সময় তালহা মাঠের মধ্যে ছিড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে ছটফট করতে থাকে।
ঘটনা টের পেয়ে বাবা নজিবর দৌড়ে ছেলেকে বাঁচাতে যায়। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ওনার হাত পুড়ে যায় এবং ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সেচ পাম্প মালিকের বিচারের দাবীতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রায় ঘন্টা ব্যাপী সময় ধরে অবরোধ করে রাখে। উত্তেজিত জনতার অভিযোগ ইরি-বোরো সেচ মৌসুম অনেক আগে শেষ হলেও সেচ মালিক ওই গ্রামের মোস্তফা নামক ব্যক্তি সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নি। ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করে এবং অবরোধ তুলে দেয়। পুলিশ মৃত কলেজ ছাত্র তালহার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এ দিন দুপুরে বগুড়ার মর্গে পাঠিয়েছে।
