রাডার নির্মাণে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি হচ্ছে ইরান

শেখ আল মাসুদ,ইরান ।।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, রাডার নির্মাণে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি হচ্ছে ইরান।

তিনি আজ মঙ্গলবার(৬ অক্টোবর) অ্যারোস্পেস ফোর্সে নতুন দু’টি রাডার ব্যবস্থা যুক্ত করার অনুষ্ঠানের অবকাশে এ কথা বলেন।

আজ ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের রাডার ইউনিটে ‘কাদির’ ক্লাসের দু’টি রাডার যুক্ত হয়েছে। নতুন রাডার দু’টি ইয়াজ্‌দ ও কেরমান প্রদেশে স্থাপন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে চ’বাহর অঞ্চলে এ ধরণের আরেকটি রাডার স্থাপন করা হবে।

হাজিজাদেহ আরও বলেছেন, ‘কাদির’ রাডার সাড়ে তিনশ’ কিলোমিটার দূরের যেকোনো গুপ্ত উড়ন্ত বস্তুকেও শনাক্ত করতে সক্ষম। এছাড়া এর পাল্লা এক হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে।

তিনি বলেন, ইরানের বিজ্ঞানীরা নিজেরাই এসব রাডার নির্মাণ করছে এবং তা সামরিক ক্ষেত্রে ইরানের অনেক বড় সাফল্য।