ফেনীতে ট্রেনের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত

ফেনী সংবাদদাতা ।।
ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
রবিবার(১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে চট্টগ্রামগামী এনআর শ্যামলী পরিবহনের একটি বাসকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ধাক্কা দিলে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় । দুর্ঘটনা কবলিত বাস হতে ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতাবস্থায় আরও ১১জন বাসযাত্রী ও ট্রেনের সামনে বসে থাকা ৪জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেবার পথে এক বাস যাত্রী মারা যায়।
রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিকে ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ফতেহপুর রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। আহত ১১ জনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪)।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমান রয়েছেন। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
