মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী নির্যাতন আইনের (সংশোধিত) খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

অনলাইন ডেস্ক ।।

দেশব্যাপী ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে চলমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আজ সোমবার (১২ অক্টোবর)প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে শেষে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব  জানান, দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে চলমান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

‘আইন বিভাগ থেকে আইনি যাচাই (ভেটিং) শেষেই মন্ত্রিপরিষদ এই অনুমোদন দিয়েছে’, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে।

দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নেয়।